মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠনের ২৬তম ওয়াজ মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠনের ওয়াজ মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠনের উদ্যোগে ২৬তম ওয়াজ মাহফিল এবং ফুটন্ত ফুল ওয়াজেদিয়া ফোরকানিয়া মাদ্রাসার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
প্রথম পর্ব: প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
অনুষ্ঠানের প্রথম পর্বে মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে দোয়া, পবিত্র কুরআন তেলাওয়াত, ইসলামি সংগীত ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বাছাইকৃত শিক্ষার্থীরা অংশ নেন। বিচারকের দায়িত্ব পালন করেন চেয়ারম্যান পাড়া জামে মসজিদের খতিব হাফেজ মোহাম্মদ সোহাইল, ইকরা তালিমুল আব্দুল মান্নান নুরানী মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ জাহেদ এবং শিক্ষক মাওলানা মোহাম্মদ শফিকুর রহমান।
বাদ জোহর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পাশাপাশি অংশগ্রহণকারী সব প্রতিযোগীকেও শুভেচ্ছামূলক পুরস্কার দেওয়া হয়। বিচারকদেরও সম্মাননা উপহার প্রদান করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদার্শা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ বজলুর রহমান।
দ্বিতীয় পর্ব: ওয়াজ মাহফিল ও সংবর্ধনা
দ্বিতীয় পর্বে আছরের নামাজের পর ওয়াজ মাহফিল শুরু হয়। এতে আলোচনা রাখেন হাফেজ মোহাম্মদ সোহাইল, মাওলানা নুরুজ্জামান মঞ্জু, ক্বারী হিজবুল্লাহ আল মুজাহিদ, ক্বারী মুজিবুল হক এবং প্রধান বক্তা মুফতি কাজী মুহাম্মদ ইব্রাহিম।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি বক্তব্যে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পরে সংগঠনের পক্ষ থেকে তাকে নির্বাচিত এমপি সংবর্ধনা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
সমাপ্তি
মাহফিলে সভাপতিত্ব করেন চেয়ারম্যান পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ মুজিবুর রহমান। প্রধান বক্তার মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সংগঠনের উপদেষ্টা, সদস্য এবং বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।