মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠন এর পরিচিতি ও সংক্ষিপ্ত ইতিহাস
সংগঠন প্রতিষ্ঠা
মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠন একটি সামাজিক, ধর্মীয়, শিক্ষা ও ক্রীড়া উন্নয়নমূলক সংগঠন। এটি ১৯৯২ সালের ৭ই এপ্রিল মাদার্শা ইউনিয়নের চেয়ারম্যান পাড়ায় প্রতিষ্ঠিত হয়।
বর্তমানে এটি মাদার্শার ঐতিহ্যবাহী একটি সামাজিক সংগঠন। সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন সামাজিক কাজ সফলতার সাথে পালন করে আসছে।
ধর্মীয় ক্ষেত্রে অবদান
এলাকায় ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারের লক্ষ্যে "মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠন" ১৯৯৭ সালের ১৭ই সেপ্টেম্বর মাদার্শা ফুটন্ত ফুল ওয়াজেদীয়া ফোরকানিয়া মাদ্রাসা চালু করে। ১৯৯৭ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত মাদ্রাসার শিক্ষার্থীদের চেয়ারম্যান পাড়ার জাগীর হোছেনের মায়ের (প্রকাশ জাগীরার মা) নিজ বাড়ীতে পড়ানো হতো।
পরবর্তীতে ২০০১ সালে বর্তমান স্থানে ফোরকানিয়া মাদ্রাসা স্থায়ীভাবে নির্মাণের পর "মাদার্শা ফুটন্ত ফুল ওয়াজেদীয়া ফোরকানিয়া মাদ্রাসা"র শিক্ষার্থীদের সেখানেই পাঠদান শুরু হয়। ২০০৫ সালে মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠন এলাকার লোকজনের সহযোগিতায় চেয়ারম্যান পাড়া জামে মসজিদ প্রতিষ্ঠায় ভূমিকা রাখে।
উল্লেখ্য, চেয়ারম্যান পাড়া জামে মসজিদ নির্মাণে জায়গা দান করেন জনাব আসহাব মিয়া (বুলু মুন্সি)। এছাড়া এলাকার কৃষকদের সেচ কাজে সুবিধার জন্য জনাব ফজলুর রহমান মসজিদের নামে একটি গভীর নলকূপ দান করেন।
মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠনের উদ্যোগে প্রথম ওয়াজ মাহফিল শুরু হয় ১৯৯৩ সালে। উক্ত মাহফিলসমূহে মাদার্শা ফুটন্ত ফুল ওয়াজেদীয়া ফোরকানিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের লেখাপড়ায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে।
পাঠাগার স্থাপন
২০২০ সালের ১০ই জুলাই সংগঠনের সদস্যদের উদ্যোগে এলাকার লোকদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে ও সবাইকে বইমুখী করতে মাদার্শা ফুটন্ত ফুল পাঠাগার নামে একটি পাঠাগারের যাত্রা শুরু হয়।
ক্রীড়াঙ্গনে অবদান
এলাকার তরুণ ও যুবকদের খেলাধুলার প্রতি আগ্রহ তৈরিতে ২০০৫ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত অনুষ্ঠিত হয় সিনিয়র বনাম জুনিয়র ক্রিকেট টুর্নামেন্ট। পরবর্তীতে ২০১৩ সালের ৩০শে মে মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক রুবায়েত হোসেন-এর মৃত্যুর পর সিনিয়র বনাম জুনিয়র ক্রিকেট টুর্নামেন্ট আর অনুষ্ঠিত হয়নি।
ক্রীড়াক্ষেত্রে পুনরায় উন্নয়নের লক্ষ্যে অত্র সংগঠন ২০১৫ সাল থেকে মাদার্শা প্রিমিয়ার লিগ (MPL) নামে প্রতিবছর টুর্নামেন্টের আয়োজন করে আসছে। উল্লেখ্য, MPL-এর প্রথম ও দ্বিতীয় আসর ফুটবল ফরম্যাটে এবং ২০১৭ সাল থেকে এটি ক্রিকেট ফরম্যাটে অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও ২০১৬ সাল থেকে MPL ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে আসছে।
২০১৮ সালের ২৪শে আগস্ট মাদার্শা ইউনিয়ন তথা সাতকানিয়া উপজেলার ঐতিহ্যবাহী এই সংগঠনটির ২৫ বছর পূর্তি ও রজতজয়ন্তী উৎসব পালিত হয়।
অবদান ও কার্যক্রমসমূহ
মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠনের উদ্যোগে পরিচালিত প্রধান সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে:
- মাদার্শা ফুটন্ত ফুল ওয়াজেদীয়া ফোরকানিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা (১৯৯৭ ইংরেজি)
- চেয়ারম্যান পাড়া জামে মসজিদ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন (২০০৫ ইংরেজি)
- বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন
- বার্ষিক ইফতার মাহফিলের আয়োজন
- MPL ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন
- MPL ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন
- সংবর্ধনা, শুভেচ্ছা ও সম্মাননা কার্যক্রম
- অসচ্ছল রোগীদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান
- ক্ষতিগ্রস্ত বাড়ি নির্মাণে আর্থিক সহায়তা প্রদান
- করোনাকালীন ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ
- বিনামূল্যে করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন ও টিকা কার্ড বিতরণ
- বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন
- সাতকানিয়ার বন্যার্তদের টিন ও আর্থিক সহায়তা প্রদান (২০২৬ সালের সহায়তা লিঙ্ক)
মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠনের সফলতা ও সমৃদ্ধি কামনা করছি। শুভ কামনা রইলো।
অত্র সংগঠনের জন্য শুভ কামনা রইলো।